শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বললেন সাবেক রাষ্ট্রদূত মহেশ সাচদেব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাকে দেশে ফেরাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে একটি ভারবাল নোট পাঠিয়েছে। তবে, ভারত এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সাচদেব বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা দেশে প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন। মহেশ সাচদেব বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে। শেখ হাসিনা সেই শর্তগুলো ব্যবহার করে নিজেকে রক্ষা করার সুযোগ নিতে পারেন।”
-
হাসিনা দাবি করতে পারেন যে, তিনি বাংলাদেশ সরকারের প্রতি আস্থাহীন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
-
ইউরোপীয় দেশগুলো যে ধরনের শর্তে ভারতের সন্ত্রাসীদের প্রত্যর্পণ প্রত্যাখ্যান করেছিল, তেমন শর্তও বিবেচনায় আসতে পারে।
মহেশ সাচদেব বলেন, “ভারতীয় বিচারব্যবস্থা এবং জেল ব্যবস্থার মান নিয়ে ইউরোপীয় দেশগুলোর প্রশ্ন তোলার নজির রয়েছে। একইভাবে, শেখ হাসিনার ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করার প্রসঙ্গ সামনে আসতে পারে।” ভারতকে দেওয়া ভারবাল নোটে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ন্যায়বিচারের কথা বলা হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি। সাচদেব বলেন, “ভারবাল নোট কূটনৈতিক যোগাযোগের সর্বনিম্ন স্তর এবং এটি একটি দেশের অগ্রাধিকারের ইঙ্গিত দেয়। কিন্তু এটি এককভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না।”
