চীনের উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
চীনের ব্যাপক উৎপাদন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন শনিবার এ উদ্বেগ জানান। এদিন চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফেংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জ্যানেট ইয়েলেন বলেন, যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত উৎপাদন ক্ষমতাকে ঝুঁকি হিসাবে দেখছে। আমার ধারণা, চীন বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের জন্য তাদের শিল্প-কৌশলের প্রভাব নিয়ে আমরা কতটা উদ্বিগ্ন। কারণ এর ফলে মার্কিন সংস্থাগুলোর জন্য প্রতিযোগিতা করাটা আরো কঠিন হয়ে যায়।
তিনি আরও বলেন, একদিনে বা এক মাসে এই সমস্যার সমাধান করা যাবে না, তবে আমি মনে করি বিষয়টা তারা শুনেছে। এটা গুরুতর সমস্যা। তবে চীন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে। চীনকে যুক্তরাষ্ট্র অর্থহীন অযুহাত সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া।
উল্লেখ্য, ওই আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীন অর্থনীতিতে সুষম বৃদ্ধির জন্য বিস্তৃত পরিসরে বিনিময় প্রথা চালু করতে সম্মত হয়েছে। মার্কিন কোষাগার বিভাগ শনিবার এই তথ্য জানিয়েছে। ইয়েলেন বলেন, এর ফলে সমষ্টিগতভাবে অর্থনৈতিক ভারসাম্যহীনতা নিয়ে আলোচনার সুবিধা হবে। আমি মার্কিন কর্মী এবং সংস্থাগুলোর জন্য সমান সমান নীতির পক্ষে।
