যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ফাঁদে না পড়ার পরামর্শ ইরানের
যুক্তরাষ্ট্রকে ইরান এবং ইসরাইলের মধ্যের সংঘাতে নাক না গলানোর পরামর্শ দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ পরিচালক মোহম্মদ জামশেদী শুক্রবার এই কথা বলেছেন।
আরটি জানায়, মোহাম্মদ জামশেদী তার মাইক্রোব্লগিং হ্যান্ডেল এক্স এ লিখেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরান লিখিতভাবে যুক্তরাষ্ট্র ও তার নেতাদের ইসরাইলের ও নেতানিয়াহুর ফাঁদে না পড়ার জন্য সতর্ক করছে। যদি যুক্তরাষ্ট্র ঝামেলায় না পড়তে চায়, তাদের এই বিষয় থেকে দূরে থাকা উচিত। এই টুইটের জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে তাদের ওপরে টার্গেট না করতে অনুরোধ করেছে বলে দাবি করেন জামশেদী।
গত সোমবার সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের দুইজন জেনারেলসহ এগারোজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার পালটা হামলা চালানো হবে জানিয়ে টুইট করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি। এরপর থেকেই সতর্ক অবস্থায় আছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এমন হুমকির পরে ইসরাইলের সেনাদের ছুটি বাতিল করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলেরও মুখপাত্র জর কিরবি জানান, যুক্তরাষ্ট্র ইসরাইল ইরানের সংঘাতের বিষয়ে খুবই চিন্তিত।
