নিউ ইয়র্কে গ্রেপ্তার হলেন বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক
বাংলাদেশে বসে আরেক মার্কিন নাগরিককে খুনের দায়ে নিউ ইয়র্কে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তার নাম গানেত রোজারিও। স্থানীয় সময় বৃহস্পতিবার ৪ এপ্রিল তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।
২০২১ সালের ১১ জুন বাংলাদেশে বসে অপর এক মার্কিন নাগরিক মাইকেল রোজারিও কে হত্যা করেন গানেত। তিনি নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা। তবে গানোত রোজারিও কীভাবে হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
নিউইয়র্ক ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর সহকারী পরিচালক এইচ স্মিথ বলেছেন, গানোত একজন ঠান্ডা মাথার খুনি, তিনি সূক্ষ্মভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তবে আমরা তাকে গ্রেপ্তার করেছি। বিদেশের মাটিতে বসে অপরাধ করলেও আমরা সেই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।
গানোতের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের অভিযোগ আনা হয়েছে। বিদেশে বসে কোন মার্কিন নাগরিক অপর মার্কিন নাগরিককে হত্যা করলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এফবিআই লস অ্যন্জেলস ও নিউ ইয়র্ক ফিল্ড অফিস এই মামলার তদন্ত করেছে। নিউইয়র্কের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়ারি জানান, হত্যাকাণ্ডের সময় তারা দুজনই বাংলাদেশে অবস্থান করছিলেন। কি কারণে বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেটি এখন খুঁজে বের করা হবে।
