ভূমিকম্পে কেঁপে উঠলো নিউ ইয়র্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ও এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০.২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও এই ভূমিকম্পকে সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই খবর জানিয়েছে রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ জার্সি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় ৪.৮। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাটির প্রায় ৪.৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি আঘাত হানার পরে আরো প্রায় ১১ টি আফটারশক আঘাত হেনেছে নিউ ইয়র্কে। এর ভিতরে একটি আফটারশক প্রায় ৪ মাত্রার ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাস্তা ও ব্রিজ গুলো পরীক্ষা করছেন প্রকৌশলীরা।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হসুল জানান, গত শতাব্দীর মধ্যে নিউইয়র্কের ঘটা সবচেয়ে বড় ভূমিকম্পের রেকর্ড এটি। ভূমিকম্পের ফলে হোয়াইট হাউস থেকে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। সেই সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা থেকেও জনসাধারণকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের ভয়াবহতা উঠে এসেছে জাতিসংঘের একটি ভিডিও থেকে। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জান্তি সোয়েরিয়াপ্তো বক্তব্য দেওয়ার সময় ভবনটি জোরে কাঁপতে শুরু করে।
কোন ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু টানেল, ব্রিজ ও রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থাপনাগুলো শঙ্কামুক্ত ঘোষণা হলে আবার যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র।
