সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার ১৯ বছরের ব্রাজিলীয় তরুণী
বিশ্বের সবথেকে কম বয়সে বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। আর সেই তালিকায় বয়সে সবথেকে ছোট লিভিয়া। এর আগের বছরের তালিকায় সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ছিলেন ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও।
লিভিয়ার রয়েছে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত। অর্থাৎ, নিজের অর্জিত অর্থ নয়, বরঞ্চ পরিবার থেকে পাওয়া সম্পদই লিভিয়াকে ধনী করে তুলেছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।
