মুরগি রান্না মজার হয়নি, তাই স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল স্বামী
মুরগির মাংস রান্না ভালো হয়নি দেখে স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিয়েছে স্বামী। এ ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরে। জানা গেছে, স্বামীকে সহায়তা করেছে তার মা-বাবাও। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজে দেখা যায় ঘটনাটি ঘটেছে গত ৯ই মার্চ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হয় ৩০শে মার্চ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই স্বামী ও তার পরিবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর নাম মরিয়ম। এ ছাড়া এই ঘটনায় বাদী হয়ে একটি মামলা করেছে পুলিশ। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, একটি গলি দিয়ে পথচারীদের সামনে হঠাৎই একজন নারী একটি ভবনের ওপর থেকে নিচের রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই মহিলা। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে যান এবং তাকে উদ্ধার করেন।
