ইসরাইলে আরো বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইসরাইলে আবারো বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে প্রায় দুই হাজার বোমা থাকবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট তিন কর্মকর্তা বরাত দিয়ে এই খবর জানিয়েছে সিএনএন।
এই প্যাকেজে ৫০০ পাউন্ড ওজনের প্রায় এক হাজার বোমা থাকবে। সেই সাথে এক হাজার ছোট বোমা ও ফিউজ থাকবে। এই বোমাগুলো মার্ক ৮২ ও মার্ক ৮০ শ্রেণীর। গত সোমবার এই অস্ত্রের চালানটি অনুমোদন পায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, ত্রাণকর্মীদের ওপর হামলার কয়েকদিন আগেই এই চালানটি অনুমোদন পেয়েছিলো।
এছাড়া গত সপ্তাহেও ইসরাইলে ঠিক এমন ধরনের বোমা পাঠিয়েছিলো যুক্তরাষ্ট্র। তবে এই অস্ত্র পাঠানোর আগে কংগ্রেস থেকে অনুমতি নেওয়া হয়নি। কারণ এই অস্ত্র পাঠানোর বিষয়ে ২০১২ ও ২০১৫ সালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র চুক্তিবদ্ধ হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইসরাইল নিজেদের প্রতিরক্ষার জন্য এসব অস্ত্র কিনেছে। আর এই অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত আজকের নয়, বরং বেশ কয়েক বছর আগের।
উল্লেখ্য কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ১৮ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছে ইসরাইল। এফ-১৫ ঈগল ক্যাটাগরির এই বিমানগুলো ২০২৯ সাল নাগাদ ইসরাইল হাতে পাবে।
