ইরানের প্রতিশোধের ভয়ে ছুটি বাতিল করলো ইসরাইলি সেনাবাহিনী
সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর এখন প্রতিশোধের আশঙ্কার মধ্যে দিন পাড় করছে ইসরাইল। দেশটির ভয়, যে কোনো সময় ওই হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে বড় ধরনের হামলা চালাবে ইরান। এই ভয় থেকে সেনাবাহিনীর সদস্যদের সকল ছুটি বাতিল করা হয়েছে।
আরটি জানিয়েছে, সোমবারের ওই হামলায় ইরানের দুই শীর্ষ জেনারেলসহ মোট ১১ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ইসরাইলকে উচিত শিক্ষা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইসরাইলকে একই মাত্রায় আক্রমণ করার হুমকি দিয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী আইডিএফ সেনাদের সকল ছুটি বাতিল করেছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরাইল এখন যুদ্ধে আছে। তাই সময় বুঝে সেনা মোতায়েনের বিষয়টি নিয়মিত পরিবর্তন করা হচ্ছে। ইসরাইলি গণমাধ্যমে এরই মধ্যে ইরান থেকে সরাসরি মিসাইল হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে। তাছাড়া লেবানন, সিরিয়া ও ইয়েমেন থেকে একযোগে ড্রোন ও রকেট হামলাও চালাতে পারে ইরান। ঠিক কীভাবে ইরান প্রতিশোধ নেবে তা বোঝা যাচ্ছে না।
