হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর রাস্তায় সন্তান প্রসব
ভারতে একটি হাসপাতাল থেকে এক গর্ভবতী নারীকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের গেটে সন্তান প্রসব করেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের কানওয়াতিয়া হাসপাতালে গত বুধবার প্রসব বেদনা নিয়ে এক নারী উপস্থিত হন। তার পরিবার বারবার ওই নারীকে হাসপাতালে ভর্তি করতে অনুরোধ করে। তবে চিকিৎসকেরা জানান, তাকে এখনই হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন নেই। একপর্যায়ে হাসপাতালের গেটেই সন্তান প্রসব করেন ওই নারী। সেসময় তার সাথে কোন ডাক্তার কিংবা নার্স উপস্থিত ছিল না।
ওই মহিলার স্বামী জানান, বারবার অনুরোধ করা সত্ত্বেও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। ফলে বাধ্য হয়ে হাসপাতালের গেটে সন্তান প্রসব করেন তিনি। তবে মা ও শিশু এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মেডিকেল শিক্ষা বিভাগের মুখ্য সচিব সুবহারা সিং বলেন, ঘটনা জানতে পারার সাথে সাথে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রমাণ পেয়ে তিনজন ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। হাসপাতাল প্রধানকে কারণ দেখাতে নোটিশ দেওয়া হয়েছে।
