যে শর্তে হুতিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনের হুতি বাহিনীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ জন্য বড় শর্ত জুড়ে দিয়েছে দেশটি। হুতি যদি লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করে চলমান হামলা বন্ধ করে, তাহলেই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেবে ওয়াশিংটন। এ খবর দিয়েছে ব্লুমবার্গ।
খবরে জানানো হয়, হুতি সম্প্রতি তাদের হামলার পরিধি আরও বড় করেছে। লোহিত সাগরের পাশাপাশি ভারত মহাসাগরেও নিয়মিত হামলা চালাচ্ছে তারা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত টিম লেন্ডার্কিং সাংবাদিকদের বলেন, আমরা কূটনৈতিক সমাধান চাই। আমরা জানি হুতিকে থামানোর কোনো সামরিক সমাধান নেই।
এরই মধ্যে হুতির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন টিম। তিনি বলেন, হুতি যাতে এই হামলা থামায় তার জন্য আলোচনার প্রস্তাব দিয়েছি আমরা। এছাড়া আমরা ইয়েমেনের জনগণের জন্য শান্তি নিশ্চিতের বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছি।
এ বছরের জানুয়ারি মাসে হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই ইয়েমেনের বিভিন্ন অংশে হুতির অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে এরপরেও থামানো যায়নি হুতিকে। সশস্ত্র বাহিনীটি উলটো তাদের হামলার মাত্রা বৃদ্ধি করেছে। ফলে এখন অনেকটা বাধ্য হয়েই সমঝোতার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
