ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার নিন্দা মুসলিম দেশগুলোর
সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো। এছাড়া এ ধরণের হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছে রাশিয়াও। তুরস্কের গণমাধ্যম আনাদলু জানিয়েছে, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এই হামলার প্রতিবাদ জানিয়ে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর অগ্রহণযোগ্য লঙ্ঘন। এর ফলে সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি এক্স পোস্টে লিখেছে, আমরা এই হামলার ‘দৃঢ় নিন্দা’ জানাই। এই হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।
এদিকে ইন্দোনেশিয়ার প্রতিবেশী মালয়েশিয়াও এই হামলার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, দামেস্কে ইরানের কনস্যুলেটকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়ম এবং কূটনৈতিক প্রটোকলের লঙ্ঘন। এটি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, দামেস্কে ইরানি দূতাবাসের পাশে কনস্যুলেট ভবনে বিমান হামলার পেছনে ইসরাইলকে দায়ী করেছে ইরান। এই হামলায় সিরিয়া ও লেবাননে আইআরজিসির কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর দুই জেনারেল এবং অন্য পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন।
