নিমন্ত্রণ প্রত্যাখান মুসলিম নেতাদের, হোয়াইট হাউসের ইফতার বাতিল
মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইফতার আয়োজন বাতিল করেছে কর্তৃপক্ষ। আমন্ত্রিত মুসলিম অতিথিরা ইফতারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অনুষ্ঠানটি বাতিল করে হোয়াইট হাউস।
ওয়াশিংটন পোস্ট জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম কমিউনিটির নেতাদের নিয়ে ইফতারের আয়োজনের পরিকল্পনা করে বাইডেন প্রশাসন। তবে চলমান ইসরাইল-গাজা সংঘাতের জের ধরে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন মুসলিম নেতারা। তবে বাইডেনের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় ছয়জন মুসলিম নেতার সঙ্গে ইফতার ও আলোচনার আয়োজন করেছিল হোয়াইট হাউস। এই অনুষ্ঠানে বাইডেন সহ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও উপস্থিত হওয়ার কথা ছিল। তবে আমন্ত্রিত অতিথিরা আলোচনায় অংশ নিলেও ইফতার করেননি। চলমান সংঘাতের ভিতরেও যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সহযোগিতার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নেন।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন পিয়ের জানান, মুসলিম কমিউনিটির নেতারা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনার আহ্বান করবো। সেই সাথে কমিউনিটির সাথে সম্পর্ক জোরদার করবো।
