মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা মারা গেছেন। তিনি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার বাসিন্দা ছিলেন। ২০২২ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তিনি বিশ্বের বয়স্কতম ব্যক্তির খেতাব লাভ করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, মঙ্গলবার ১১৪ বছর বয়সে মারা যান জুয়ান। টুইটারের বিভিন্ন অ্যাকাউন্টে জুয়ানের মৃত্যুর খবর প্রকাশিত হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টুইট করেন, জুয়ান ভিসেন্তে পেরেজ ১১৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন।
২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গিনেস বুক কর্তৃপক্ষ জুয়ানকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দেন। এসময় তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন। ২০২২ সালের তথ্য অনুযায়ী জুয়ানের ১১ জন সন্তান আছে। এছাড়াও তার ৪১ জন নাতি-নাতনি, ১৮ জন নাতির সন্তান ও ১২ জন নাতির নাতি আছেন।
জুয়ান ১৯০৯ সালের ২৭ মে এল কোবরে শহরে জন্ম নেন। বাবা-মায়ের ১০ সন্তানের মধ্যে তিনি নবম ছিলেন। মাত্র পাঁচ বছর বয়স থেকে তিনি আখ ও কফি চাষের কাজ করতেন। পরবর্তীতে নিজ যোগ্যতায় এল কোবরে শহরের শেরিফের (প্রধান আইন কর্মকর্তা) পদে আসীন হন তিনি। তবে জীবনে কখনোই কৃষিকাজ ছাড়েননি তিনি। কর্মক্ষমতা হারানোর আগ পর্যন্ত কৃষিকাজ করে গেছেন জুয়ান।
