ত্রাণকর্মীদের ওপর ইসরাইলি হামলায় ক্ষুব্ধ বাইডেন
গাজায় গত সোমবার ত্রাণকর্মীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে কর্মরত ৭ জন ত্রাণকর্মী নিহত হন। হামলার ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রয়টার্স জানায় মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন জানান, ত্রাণ সংস্থার বহরে হামলায় আমরা ক্ষুব্ধ ও বেদনাহত। ইসরাইল ত্রাণকর্মীদের সঠিক নিরাপত্তা দিতে পারছে না। ইসরাইলকে এ হামলার দায়ভার নিতে হবে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে ফলাফল প্রকাশ্যে আনতে হবে। এই সংঘাতে সবচেয়ে বেশি সংখ্যক সাহায্যকর্মী নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন বাইডেন।
ওই হামলায় যুক্তরাজ্য, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক নিহত হয়েছেন। হামলার ঘটনায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসও ইসরাইলকে দায়ী করেছিলেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, এই ঘটনা অনিচ্ছাকৃত। ইসরাইলের সামরিক বাহিনী এ বিষয়ে তদন্ত করবে। তবে বাইডেন মন্তব্য করেন, ইসরাইল ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। ইসরাইলকে বারবার আহ্বান করা হয়েছে শুধুমাত্র হামাসের ওপর আক্রমণ করতে, জনগণের ওপর নয়।
বাইডেন আরও বলেন, গাজায় সহায়তা পৌঁছাতে ইসরাইলকে আরও চাপ দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া মিশরে যুক্তরাষ্ট্রের একটি দল বন্দীদের বিনিময়ের চুক্তি নিয়ে যুদ্ধ বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
নিহত ত্রাণকর্মীরা সবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে কাজ করতেন। বাইডেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা হোসে অ্যান্ড্রেসের সঙ্গে কথা বলেন। এ সময় হোসেকে মানুষের সেবা করার জন্য ধন্যবাদ ও সেই সঙ্গে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন বাইডেন।
