কপ সম্মেলনে ‘থ্রি জিরো’ বাস্তবায়নের ডাক প্রধান উপদেষ্টার
কপ সম্মেলনে বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ব রক্ষার জন্য 'শূন্য বর্জ্য ও শূন্য কার্বন' নির্ভর একটি নতুন জীবনযাত্রার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি তার থ্রি জিরো নীতির উপর ভিত্তি করে একটি নতুন বিশ্ব গড়ার আহ্বান জানান। থ্রি জিরো নীতি হলো, শূন্য নিট কার্বন নির্গমন, শূন্য ধনকেন্দ্রিকতা, এবং শূন্য বেকারত্ব। খবর বাসসের।
প্রফেসর ইউনূস বলেন, বেঁচে থাকার জন্য আমাদের একটি নতুন সংস্কৃতি তৈরি করতে হবে। এ সংস্কৃতির মূল ভিত্তি হবে শূন্য বর্জ্য ও শূন্য কার্বন। জীবাশ্ম জ্বালানি ছাড়া শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল এই সংস্কৃতি দৈনন্দিন পণ্যের ব্যবহারে সীমাবদ্ধতা আনবে, যাতে কোনো বর্জ্য না হয়।
তিনি আরও বলেন, এই জীবনধারা শূন্য লাভভিত্তিক সামাজিক ব্যবসায়ের উপর দাঁড়াবে, যার মূল উদ্দেশ্য হবে সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধান। সামাজিক ব্যবসা সম্পর্কে তিনি বলেন, এটি এমন এক ব্যবসা, যা লাভ করে না এবং পরিবেশ ও মানবিক সমস্যার সমাধানে নিবেদিত।
শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সুলভ স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, বরং উন্নত হবে। তরুণদের জন্য নতুন উদ্যোগ তৈরি হবে, যা কর্মসংস্থান থেকে উদ্যোক্তা হয়ে ওঠার পথকে উন্মুক্ত করবে। তরুণরা এই জীবনধারা নিজেরাই বেছে নেবে। তারা বড় হবে তিনটি শূন্য নীতির উপর ভিত্তি করে। এতে তারা পুরো জীবন ধরে এই নীতিতে অবিচল থাকবে।
সবশেষে প্রফেসর ইউনূস বলেন, আমরা সবাই মিলে এই নতুন জীবনযাত্রা গ্রহণ করলে এটি বাস্তবায়ন সম্ভব। তরুণ প্রজন্ম এই দায়িত্ব পালন করবে, কারণ তারা তাদের গ্রহ পৃথিবীকে ভালোবাসে।
