আল-জাজিরা সম্প্রচার নিষিদ্ধ করলো ইসরাইল
ইসরাইলে আল-জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যম সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ইসরাইলের বিরুদ্ধে খবর প্রচার করার অভিযোগে এসব গণমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর জানিয়েছে আরটি।
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না ইসরাইল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার গাজার স্থানীয় প্রতিনিধিরাই প্রতিদিন যুদ্ধের খবর দিয়ে থাকেন। তবে আল-জাজিরাকে প্রোপাগান্ডা ছড়ানো গণমাধ্যম হিসেবে আখ্যা দিয়েছে ইসরাইল।
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেন, আল-জাজিরা হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে। ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ইসরাইলের নিসেটে আল-জাজিরা নিষিদ্ধ হওয়ার বিল পাশ হয়েছে। এছাড়া আল-জাজিরা প্রোপাগান্ডা ছড়ায় বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও সোমবার নেতানিয়াহু টুইট করেন, সন্ত্রাসী আল-জাজিরা চ্যানেল ইসরাইলে আর সম্প্রচার করা হবে না। ইসরাইলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো করহি জানিয়েছেন,হামাসের মুখপাত্র আল-জাজিরার জন্য গণমাধ্যমের স্বাধীনতা ইসরাইল নিশ্চিত করবে না।
তবে হোয়াইট হাউস এই আইনের নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়ের বলেন,আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং ইসরাইল-গাজা ইস্যুতেও আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য ইসরাইল ফিলিস্তিন যুদ্ধে আল-জাজিরার বহু সাংবাদিক ও তাদের পরিবার হতাহত হয়েছে।
