তোষাখানা মামলায় ইমরানের সাজা বাতিল করলো ইসলামাবাদ হাইকোর্ট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দেয়া ১৪ বছরের কারাদণ্ড বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তোষাখানা মামলায় এই সাজা পেয়েছিলেন তারা। তবে সোমবার এক শুনানির পর এই রায় দেন আদালত। এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।
খবরে জানানো হয়, গত ৩১শে জানুয়ারি ইসলামাবাদ অ্যাকাউন্ট্যাবিলিটি আদালতে তোষাখানা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন ইমরান খান ও বুশরা বিবি। জাতীয় নির্বাচনের মাত্র ৮ দিন আগে এই রায় দেয়া হয়েছিল। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের দাবি, ওই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ওই রায় অনুযায়ী, ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব গ্রহণে অযোগ্য ঘোষণা করা হয় ইমরান খানকে। পাশাপাশি তাদের দুই জনকে ৭০ কোটি পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়।
