যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৫
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি কফিশপে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক জন নিহত এবং চার জন আহত হয়েছেন। ওই হামলাকারীকে চিহ্নিত করেছে ন্যাশভিল পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ খবর দিয়েছে ফক্স।
খবরে জানানো হয়, রোববার যখন ইস্টার সানডে উপলক্ষ্যে কফিশপটিতে জমজমাট অবস্থা চলছিল, তখন এই বন্দুক হামলা হয়। হামলাকারী হিসেবে ৪৬ বছর বয়সী অ্যান্টন রুকারকে চিহ্নিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও নানা অপরাধের অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে তিনি এ হামলা চালিয়েছেন তা নিয়ে তদন্ত চলছে।
হামলার পর রুকারের ছবি প্রকাশ করেছে পুলিশ। গুলির পর তিনি একটি মার্সিডিজ জিএলএস ৪৫০ নিয়ে পালিয়ে যান। পুলিশ এই গুলির ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।
