‘আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নেই ইউরোপের’
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক যুদ্ধের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেন, যুদ্ধ আসন্ন। কিন্তু ইউরোপ এখনো প্রস্তুত নয়। রাশিয়া ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি। এ খবর জানিয়েছে বিবিসি।
টাস্ক আরো বলেন, যুদ্ধপূর্ব সময় পার করছে ইউরোপ। আমি কাউকে ভয় দেখাতে চাই না। তবে যুদ্ধ শুরু হয়ে গেছে আরো দুই বছর আগে। ইউক্রেনকে যদি রাশিয়া দখল করে নিতে পারে, তাহলে ইউরোপের কোন দেশই নিরাপদ নয়।
ডোনাল্ড টাস্ক পূর্বে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি মস্কোতে ক্রোকাস হলে হামলার প্রসঙ্গ টানেন টাস্ক। বলেন, মস্কো কোন প্রমাণ ছাড়াই ইউক্রেনকে দোষী সাব্যস্ত করেছে। ফলে রাশিয়া ইউক্রেনে এখন আরো হামলার সুযোগ পাবে। এই সপ্তাহে ইউক্রেনে সুপারসনিক মিসাইল হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।
বিবিসির নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ফ্রান্ক গার্ডনার মন্তব্য করেন, সাবেক সোভিয়েতের দেশগুলো ভয়ে রয়েছে। বাল্টিক দেশগুলো যারা একসময় সোভিয়েতের অংশ ছিল, তারা ভয় পাচ্ছে। ইউক্রেনে হামলার পর থেকে তারা ধারণা করছে মস্কো এমন হামলা তাদের ওপরও করতে পারে।
তবে গত কয়েকদিন আগে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছিলেন বাল্টিক বা ন্যাটোর কোন দেশে তিনি হামলা করবেন না। তবে কোন দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা করলে তাদের বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন।
