মস্কো হামলায় ইউক্রেনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে রাশিয়া
মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার হামলাকারীদের সাথে ইউক্রেনের যোগসাজশ রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি। বৃহস্পতিবার তদন্তের অগ্রগতি বিষয়ক সভায় এসব কথা বলেন তারা। খবর নিশ্চিত করেছে রাশিয়ান গণমাধ্যম আরটি।
রাশিয়ান তদন্ত কমিটি জানায়, তাদের কাছে উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। হামলাকারীদের সাথে ইউক্রেনের যোগাযোগ ছিল। হামলাকারীদের অ্যাকাউন্টে ইউক্রেন থেকে উল্লেখযোগ্য পরিমাণে টাকা এসেছে বলে জানান তারা। এর মাধ্যমে এই হামলায় ইউক্রেনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। বিবৃতিতে আরো জানানো হয়, এই অর্থ ক্রিপ্টোকারেন্সি হিসেবে পাঠানো হয়েছে। পরবর্তীতে হামলার খরচ এই অর্থ থেকেই জোগান দেওয়া হয়। তদন্ত কর্মকর্তারা আরো জানান এই অর্থ কোন ব্যক্তির থেকে এসেছে তা শনাক্ত করতে সক্ষম হয়েছে রাশিয়া। তবে এখনই তার নাম সামনে আনা হবে না।
রাশিয়ান নিরাপত্তা সংস্থা এফএসবির প্রধান আলেক্সান্দ্র বোর্তনিকভ কিছুদিন আগে এই হামলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও ইউক্রেনের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। ইউক্রেনে পালানোর সময় আটক করা হয় হামলাকারীদের। সেই প্রসঙ্গে বোর্তনিকভ বলেন, হামলাকারীরা ইউক্রেনে পৌঁছালে তাদের বীরের বেশে বরণ করা হতো।
ক্রোকাস হলে হামলার দায় স্বীকার করেছিলো আইএস। তারা উগ্র ইসলামপন্থি দলের সদস্য বলে জানায় রাশিয়া। তবে পরবর্তীতে বিশেষজ্ঞরা ধারণা করেন এই হামলায় ইউক্রেনের গোয়েন্দাদের অবশ্যই হাত আছে। গত ২২ মার্চ ক্রোকাস হলে হওয়া একটি কনসার্টে হামলা করে চার জঙ্গি। এসময় ১৪০ জন নিহত ও প্রায় দুই শতাধিক মানুষ আহত হন।
