ইসরাইল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় নিহত ১৭
সীমান্ত এলাকায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। বুধবার দক্ষিণ লেবাননের একটি গ্রামে হামলা চালায় ইসরাইল। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন। এর জবাবে হিজবুল্লাহ আবার পালটা হামলা চালায় ইসরাইলে। এই হামলায় নিহত হন একজন। এরপর ইসরাইল আবারও হামলা চালায় লেবাননে। তাতে নয় জন নিহত হয়েছেন। সব মিলিয়ে লেবাননে ১৬ এবং ইসরাইলে এক জন নিহত হয়েছেন এই পাল্টাপাল্টি আক্রমণে।
ডয়চে ভেলে জানিয়েছে, হিজবুল্লাহ ইসরাইল সীমান্তের শহরগুলোতে একের পর এক রকেট ছোড়ে। দুই দিকেই উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই সংঘাত আরো বাড়ার আশংকা রয়েছে। ইসরাইল দাবি করেছে, তারা লেবাননে ‘জঙ্গিদের’ মোকাবিলা করছে। তারা জঙ্গিদের লক্ষ্য করে আক্রমণ করেছে, তাতে একজন জঙ্গি নেতা মারা গেছে। জঙ্গি গোষ্ঠী আল-জামাত আল-ইসলামিয়া গোষ্ঠীর বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে দেশটি।
লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। তার ফলে সাতজন চিকিৎসাকর্মীর মৃত্যু হয়েছে। চারজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। আল-জামাত আল-ইসলামিয়া এর আগে জানিয়েছিল, তারা হিজবুল্লাহকে সমর্থন করে। হিজবুল্লাহ ইরানপন্থী সংগঠন। ইসরাইল, যুক্তরাষ্ট্র, জার্মানি ও অন্য বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে।
