মস্কোয় সন্ত্রাসী হামলার পেছনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউক্রেন থাকতে পারে
মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলার পেছনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউক্রেনের হাত থাকতে পারে। এমনটাই বলেছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেক্সান্দ্র বোর্তনিকভ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন। ওই হামলায় এখন পর্যন্ত ১৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন।
বোর্তনিকভ জানান, রুশ কতৃপক্ষ এখন হামলার সঙ্গে জড়িত সকলের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে। যারা রাশিয়ার অভ্যন্তরে ছিল কিংবা বাইরে, সবাইকেই চিহ্নিত করা হচ্ছে। এসময় তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে, হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা ইউক্রেনের হাত রয়েছে কিনা? এর জবাবে তিনি বলেন, আমরাও সেটাই ভাবছি। তবে এখন আমরা শুধু এমন সব বিষয়েই কথা বলবো যার যথাযথ তথ্য আমার কাছে রয়েছে।
এর আগে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ও হামলার পেছনে পশ্চিমাদের হাত থাকার সম্ভাবনার কথা বলেছেন। কারা এই সন্ত্রাসবাদী হামলার পেছনে অর্থায়ন করেছে তা খুঁজে বের করবে রাশিয়া।
