গাজায় যুদ্ধ অব্যাহত রেখে বিশাল ভুল করেছে ইসরাইল: ট্রাম্প
গাজায় যুদ্ধ অব্যাহত রেখে ইসরাইল বিশাল বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরাইলকে সাবধান করে দিয়ে বলেছেন, দেশটি খুব দ্রুত বিশ্বের সমর্থন হারাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে ইসরাইলকে। ইসরাইলি গণমাধ্যম ‘ইসরাইল হায়োম’-কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে সাধারণত ইসরাইলের কড়া সমালোচনা করতে দেখা যায় না। তবে সোমবারের সাক্ষাৎকারে তিনি সরাসরি বেনইয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ৭ই অক্টোবর হামাস যেভাবে ইসরাইলে হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্র এভাবে আক্রান্ত হলে আমরাও প্রতিক্রিয়া দেখাতাম। শুধুমাত্র বোকারাই কোনো পদক্ষেপ না নিয়ে বসে থাকতো।
তবে ট্রাম্প বলেন, ইসরাইল প্রতিক্রিয়ায় যেভাবে বেসামরিকদের টার্গেট করেছে তা ছিল একটি বড় ভুল। পুরো বিশ্ব প্রতিরাতে এসব ছবি, ভিডিও দেখছে। আমি নিজেও দেখি কীভাবে একেকটি ভবন ধ্বংস করে দেয়া হচ্ছে। তিনি ইসরাইলের উদ্দেশ্যে আরও বলেন, হামাসকে ধ্বংস করতে হলে তা করুন, কিন্তু এভাবে নির্বিচারে হামলা চালিয়ে নয়। আর এই কারণেই ইসরাইলকে এখন নানা বাধায় পড়তে হচ্ছে। ইসরাইল দেখাতে চেয়েছিল যে, তারা কত কঠোর। কিন্তু সবসময় এটা করা ঠিক না।
