২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৮১ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলের বর্বরতা থামার কোনো নাম নেই। গত ২৪ ঘণ্টায় দেশটির হামলায় অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত ৭ই অক্টোবরের পর ইসরাইলের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪১৪ জন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় নিহতের পাশাপাশি আরও ৯৩ জন আহত হয়েছে। বিমান হামলার পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। এছাড়া গাজা ও পশ্চিমতীরে সমান তালে চলছে ফিলিস্তিনিদের গ্রেপ্তার। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। সোমবার পাস হওয়া এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাত থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে। এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। যদি কোনো পক্ষ এই যুদ্ধবিরতি ও এর শর্তগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তা হবে ক্ষমার অযোগ্য অপরাধের শামিল।
