এবার জাতিসংঘকেও ‘ইহুদি-বিদ্বেষী’ বললো ইসরাইল
গাজায় ইসরাইলের বর্বরতার সমালোচনা করায় জাতিসংঘকে উলটো ইহুদি-বিদ্বেষী বলে আখ্যায়িত করেছে তেল-আবিব। সম্প্রতি গাজা সীমান্ত পরিদর্শনে গিয়ে সেখানকার মানবিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে এই সমালোচনা সৈহ্য করতে না পেরে উলটো গুতেরেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ। তিনি জাতিসংঘকে ‘ইহুদি-বিদ্বেষী ও ইসরাইল-বিরোধী’ সংস্থা বলে অভিহিত করেছেন।
শনিবার গাজার রাফাহ ক্রসিং পরিদর্শনে গিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, ত্রাণে বাধা দেয়ার মধ্য দিয়ে ইসরাইলের ‘নৈতিক আক্রোশ’ প্রকাশ পেয়ে গেছে। তিনি বলেন, গাজায় মানবিক ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেয়ার জন্য এখন ইসরাইলকে একটি কঠিন অঙ্গীকারে বাধ্য করার সময় এসেছে।
তবে এক্সে গুতেরেসের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কাতজ। তিনি বলেন, গুতেরেস আজ রাফাহর মিশরীয় অংশে দাঁড়িয়ে গাজার মানবিক পরিস্থিতির জন্য ইসরাইলকে দায়ী করেছেন। অথচ তিনি কিছুতেই হামাসের নিন্দা জানাননি। তিনি হামাসের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানাতেও ব্যর্থ হয়েছেন। এরপরই তিনি লিখেছেন, গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘ একটি ইহুদি-বিদ্বেষী ও ইসরাইল-বিরোধী সংস্থায় পরিণত হয়েছে। তারা এখন সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
