মস্কোতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৩৩, গ্রেপ্তার সব হামলাকারী
মস্কোর একটি কনসার্ট ভেন্যুতে প্রাণঘাতী হামলাকারীর সবাইকে গ্রেপ্তার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ খবর নিশ্চিত করেছেন। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত এবং ১৪০ জনেরও বেশি আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, হামলাকারীরা ওই বিল্ডিংটিতে প্রবেশ করে সেখানে থাকা দর্শনার্থীদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ওই হামলায় অংশ নেয়া চার সন্ত্রাসীও রয়েছে। তারা হামলা চালিয়ে ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী দাবি করছে যে, তারা এই হামলার পিছনে রয়েছে। শনিবার টেলিগ্রামে আইএস-এর চ্যানেল, আমাকে ওই চার মুখোশধারী ব্যক্তির একটি ছবি পোস্ট করা হয়। সেখানে আইএস দাবি করে যে, এই ব্যক্তিরাই মস্কোতে হামলা চালিয়েছিল। আইএসের দাবি নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি।
গ্রুপটি পরে হামলার একটি ফুটেজও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে একজন বন্দুকধারী বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। একটি টেলিভিশন ভাষণে পুতিন এই হামলার তীব্র নিন্দা জানান। গত প্রায় ২০ বছরের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা। পুতিন জানান, হামলাকারীরা ইউক্রেনে পালানোর চেষ্টা করেছিল, কারণ সেখানে তাদের জন্য সকল ব্যবস্থা প্রস্তুত ছিল।
এদিকে কিয়েভ এই হামলার সাথে কোনোভাবে জড়িত থাকার কথা উড়িয়ে দিয়েছে। পুতিন এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করবেন বলে অগ্রিম প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
