নয়াদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর মোবাইল জব্দ করে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা। ঘণ্টা দুয়েক পরে কেজরিওয়ালকে গ্রেপ্তারের কথা জানান তারা।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।
এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি থাকবেন।” দিল্লি সরকারে অরবিন্দের পরের অবস্থানেই রয়েছেন অতিশি।
মুখমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে অতিশি বলেছেন, “আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়েও একটি অর্থও পায়নি।”
তিনি আরও বলেছেন, “লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা একটি ষড়যন্ত্র। কেজরিওয়াল শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি চিন্তাধারা। যদি মনে করেন একজন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এই চিন্তাধারা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি ভুল। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এবং থাকবেন। আমরা প্রথম থেকে বলছি প্রয়োজনে জেল থেকে তিনি সরকার পরিচালনা করবেন। কোনো আইন তাকে আটকাতে পারবে না।”
দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ‘পুলিশ যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে এবং কাউকে ঢুকতে দিচ্ছে না, তাতে মনে হচ্ছে, সেখানে বড় ধরনের অভিযান চালাচ্ছে।’
এই মামলায় ইডির নয়টি সমন এড়িয়ে গেছেন আম আদমি পার্টির (আপ) প্রধান। গত সোমবার ইডির করা দিল্লি জল বোর্ডে কথিত অনিয়মের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলার পৃথক আরেকটি সমনেও তিনি হাজির হননি।
আবগারি মামলায় তেলেঙ্গানার বিআরএস নেতা কে কবিতাকে গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যে ইডির পক্ষ থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হল। কবিতাকে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো এ মামলায় কেজরিওয়ালকে ষড়যন্ত্রকারী হিসেবে নাম যুক্ত করা হয়।
গত বছরের অক্টোবরে ইডি কেজরিওয়ালকে প্রথম সমন জারি করে ২ নভেম্বর হাজির হতে নির্দেশ দেয়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেপ্তার করতে পারে।
কেজরিওয়াল একাধিকবার দাবি করেছেন, বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি তাঁকে গ্রেপ্তার করে আম আদমি পার্টিকে দমাতে চায়। আরও বেশ কয়েকটি বিরোধী দলও বিজেপির বিরুদ্ধে ইডিকে নিজ স্বার্থে কাজে লাগানোর বলে অভিযোগ তুলেছে। তাদের দাবি, নেতাদের বিরুদ্ধে এই সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। আগামী ১০ এপ্রিল লোকসভা নির্বাচন। এর আগেই নেতাদের গ্রেপ্তারে এ ধরনের কাজ করা হচ্ছে।
