ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত
সংগৃহীত
প্রবল বৃষ্টিপাত এবং বিহার ও ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে ফারাক্কা ব্যারেজে পানির চাপ বেড়েছে। গঙ্গার পানিরস্তর বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধ থেকে ১১ লক্ষ কিউসেক করে পানি ছাড়া হচ্ছে। বাঁধের মোট ১০৯ টি গেটের সবকটিই খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ বাংলা।
ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টির ফলে ফারাক্কা বাঁধের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাঁধটির ১০৯ টি গেট খুলে দেওয়া হয়েছে। বাঁধে যতটুকু পানি প্রবেশ করছে, ততটুকুই ছাড়া হচ্ছে। বর্তমানে ৭৭.৩৪ ডেন্জার লেভেল বিপদসীমা অতিক্রম করেছে ফারাক্কা বাঁধের পানির স্তর । ফারাক্কা ব্যারেজে আর পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় বাধ্য হয়ে পানি ছাড়তে হচ্ছে বলে জানিয়েছে তারা। অন্যথায় ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন বাঁধ থেকে পানি ছাড়ার কারণেই বাংলাদেশে প্লাবনের সৃষ্টি হয়েছে। তবে, ফারাক্কা খুলে দেওয়ায় মুর্শিদাবাদের অধিবাসীরাও বন্যার আশঙ্কা করছেন। ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ২৬.২৪ মিটার। বিপদসীমা ২২.২৫ মিটার এবং সর্তকতা সীমা ২১.২৫ মিটার। আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করার ফলে শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট। ইতোমধ্যেই ১১ লক্ষ কিউসেকের বেশি পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। পানি ছেড়ে দেওয়ার ফলে ভারতের বিভিন্ন এলাকার নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু এলাকার বিপদসীমা অতিক্রমও করছে পানির স্তর।
