‘এই সপ্তাহেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইরান চলতি সপ্তাহে ইসরায়েলের ওপর বড় ধরনের আক্রমণ করতে পারে। তিনি জোর দিয়ে বলেছেন, এই সম্ভাব্য হামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, এবং যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে।
অ্যাক্সিওস জানিয়েছ, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সেসব আলোচনায় গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আলোচনায় সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক নেতা হানিয়ার মৃত্যুর জন্য তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তবে ইসরায়েল এখনো হানিয়ার মৃত্যুর দায় স্বীকার বা অস্বীকার করেনি।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সেখানে এফ-৩৫ যুদ্ধবিমান এবং এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিংকনসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়াও, ইউএসএস জর্জিয়া নামে একটি গাইডেড মিসাইলবাহী সাবমেরিনও ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।
এদিকে জার্মানির চ্যান্সেলর ও ইরানের নতুন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে, যেখানে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে।
