তৃতীয় চেষ্টায় সফল হলো ইলন মাস্কের স্টারশিপ
পর পর দুই চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে তৃতীয় চেষ্টায় সফল হলো স্টারশিপ উৎক্ষেপণ। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের সবথেকে আলোচিত প্রজেক্ট স্টারশিপ। এই স্টারশিপে করেই ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলে বসতি গড়বে মানুষ। ফলে স্টারশিপের এই সফলতা একটি ঐতিহাসিক ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, এটিই ইতিহাসের সবথেকে শক্তিশালী ও বড় মহাকাশযান। গত সোমবার এর উৎক্ষেপণের কথা ছিল। তবে জ্বালানীর চাপ সংক্রান্ত জটিলতার কারণে এর উৎক্ষেপণের তারিখ পেছানো হয়। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ২৪ মিনিট ১২০ মিটার দীর্ঘ স্টারশিপ রকেট উৎক্ষেপণ করা হয়।
এ উৎক্ষেপণের জন্য নিরাপত্তাজনিত, পরিবেশগত, নীতিগত ও আর্থিক সকল ধরনের শর্তই পূরণ করেছে স্পেসএক্স। এর আগে স্টারশিপের প্রথম দুই উৎক্ষেপণ প্রচেষ্টায় মিশন নিয়ে কোম্পানির লক্ষ্যমাত্রার কিছু অংশ অর্জিত হলেও উভয় ক্ষেত্রেই রকেটের সমাপ্তি ঘটেছে বিস্ফোরণের মাধ্যমে। গত ১৮ই নভেম্বর স্টারশিপের দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণে রকেটটিকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে পরবর্তীতে সাগরে অবতরণ করানোর প্রচেষ্টা চালিয়েছিল ইলন মাস্ক মালিকানাধীন কোম্পানিটি। মিশনের প্রথম পর্যায় সফলভাবে উৎরাতে পারলেও উৎক্ষেপণের আট মিনিট পরই সংযোগ হারিয়ে ফেলে রকেটটি। প্রথম উৎক্ষেপণে কেবল এর লঞ্চপ্যাডই বড় ক্ষতির মুখে পড়েনি, বরং লঞ্চ প্যাড থেকে দুই হাজার ছয়শ ৮০ ফুট দূরে অবস্থিত ৩৮৫ একরের একটি মাঠে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে। এতে করে পুরো মাঠেই আগুন ধরে যায়।
