পাকিস্তানে ফিরলেন নওয়াজের দুই ছেলে
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিম লিডার নওয়াজ শরীফের দুই ছেলে হাসান ও হুসাইন দেশে ফিরেছেন। দীর্ঘ ছয় বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন পাড় করছিলেন তারা। মঙ্গলবার তারা অনেকটা চুপিসারেই দেশে ফিরেন। পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম উঠে আসার পর গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারা।
ডন জানিয়েছে, গত সপ্তাহে নওয়াজের দুই ছেলের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেয় পাকিস্তানের একটি আদালত। এরফলে তাদের দেশে ফেরার সুযোগ সৃষ্টি হয়। তবে তাদের দেশে ফেরার বিষয়টি নিয়ে চুপ রয়েছে পিএমএল-এন। গণমাধ্যমকেও এ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।
লন্ডন থেকে সরাসরি লাহোর বিমানবন্দরে নামেন তারা। পাঞ্জাব পুলিশের কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে জাতি উমরা বাসভবনে নিয়ে যাওয়া হয়। দুর্নীতির মামলায় নাম আসার পর ২০১৮ সালে পাকিস্তান ছেড়েছিলেন তারা। গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হলেও তাদের বিরুদ্ধে মামলা চলছে। ১৪ই মার্চ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তাদের।
