দেশে দেশে রমজান শুরু যেদিন
রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবে। ফলে দেশটি ঘোষণা করেছে সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এরপর আরও প্রায় এক ডজন দেশ রোজা শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশগুলো হলো, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, ইরাক, বাহরাইন, সিরিয়া, জর্ডান ও ইয়েমেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় রোজা শুরুর তারিখও জানা গেছে।
ভৌগলিক কারণে রমজান শুরুর প্রথম ঘোষণাটি আসে অস্ট্রেলিয়া থেকে। দেশটিতে ১২ই মার্চ শুরু হচ্ছে রোজা। রোববার অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।
এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করেছে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলোর রোজা শুরুর দিনও জানা যায়। ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’র (এসিএনএ) মতে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে অস্ট্রেলিয়ার একদিন আগেই আজ সোমবার থেকেই রোজা শুরু হচ্ছে। উত্তর আমেরিকার দেশগুলোতে রোববার রাতে প্রথম তারাবি নামাজ হবে।
সৌদি আরবের তারিখ ঘোষণার পর কাতার জানায়, তাদের দেশে রমজানের চাঁদ দেখা গেছে। পবিত্র রমজান শুরু হচ্ছে সোমবার। কয়েক মিনিটের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করে যে, তাদের দেশে চাঁদ দেখা গেছে। সোমবার পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। যদিও তাদের প্রতিবেশী দেশ ওমান জানায়, তাদের দেশে রমজান শুরু হবে মঙ্গলবার। কারণ রোববার দেশটিতে চাঁদ দেখা যায়নি। ওমানের পর কুয়েত সোমবার রোজা শুরুর দিন ঘোষণা দেয়। এরপর ইরাক রোজা শুরুর তারিখ ঘোষণা করে। দেশটিতে রোজা শুরু হচ্ছে সোমবার। ইরাকের পর ঘোষণা আসে বাহরাইন থেকে। দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে সোমবার। সিরিয়া ঘোষণা দেয়, দেশটিতে সোমবার রোজা শুরু হবে। এরপর ঘোষণা দেয় জর্ডানও। দেশটি জানায়, তাদের দেশে রোজা শুরু হবে মঙ্গলবার। ইয়েমেনে সোমবার রোজার প্রথম দিন বলে জানিয়েছে দেশটির সরকার।
