ব্রিকসে যোগ দিতে আবেদন করবে নাইজেরিয়া
শীগগিরই অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিতে আবেদন করবে আফ্রিকার দেশ নাইজেরিয়া। এর আগে প্রয়োজনীয় অভ্যন্তরীণ ব্যবস্থাগুলো সম্পন্ন করতে চায় দেশটি। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুগার বুধবার এ কথা বলেন।
আরটি জানিয়েছে, এই কূটনীতিক বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছেন। গত ৫ই মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত তার কর্ম সফর ছিল। তার অংশ হিসেবে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তুগার। বৈঠকে তারা দুই দেশের মধ্যেকার সম্পর্ক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে আলোচনা করেন।
সম্ভাব্য ব্রিকস সদস্যপদের জন্য আবেদন সহ আরও বেশ কিছু বিষয়ে সংবাদ সংস্থা স্পুটনিকের সঙ্গে কথা বলেন তিনি। এসময় নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ব্রিকসে ঢুকতে চাই। আমি আগেই বলেছি, নাইজেরিয়া গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয়। তাই এই ধরনের পদক্ষেপ নেয়ার আগে বিভিন্ন গোষ্ঠী ও অভ্যন্তরীণ সংস্থার সঙ্গে প্রচুর আলোচনার প্রয়োজন রয়েছে।
গত বছর দক্ষিণ আফ্রিকায় হওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমার অংশগ্রহণের বিষয়টির উপরও জোর দেন তুগার। তিনি বলেন, আমরা যে আগ্রহী তা এটি দিয়েই বুঝা সম্ভব। আমরা ব্রিকসে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি।
