গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত
ফাইল ছবি।
টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে আবারও চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার ভোরে খান ইউনিস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযানের সময় বিস্ফোরণে একটি ভবনের অংশ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, নিহতদের পাশাপাশি আরও পাঁচজন সৈন্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা অভিযানকালীন সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর মোট নিহত সদস্যের সংখ্যা দাঁড়াল ৪২৯ জনে।
অন্যদিকে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় গোটা গাজা জুড়ে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা জানান, যুদ্ধ চলায় দ্বিতীয় বছরের মতো ঈদুল আজহা উদযাপন হচ্ছে যুদ্ধের ছায়ায়, আতঙ্ক ও অস্থিরতার মধ্য দিয়ে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত সেনাদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের সৈন্যদের আত্মত্যাগ কখনও ব্যর্থ হবে না।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জেরে ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় শুরু হয় পূর্ণমাত্রার স্থল ও বিমান অভিযান। এরপর থেকে একদিকে ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন শত শত, অন্যদিকে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
