ইসরায়েল-সিরিয়া পাল্টাপাল্টি আক্রমণ
সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে যাওয়ার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা জবাব দিল তেলআবিব। টার্গেট এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের এক অস্ত্রভাণ্ডার। ভয়াবহ এই হামলায় প্রাণহানি ও বিপুল ক্ষতির অভিযোগ করেছে দামেস্ক।
বুধবার এক প্রতিবেদন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকেই অস্থির করে তুলছে। পাশাপাশি এটিকে তারা নিজেদের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ বলেও আখ্যা দেয়।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, সিরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর জন্য দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকেই দায় নিতে হবে।
তেলআবিবের দাবি, মঙ্গলবার সিরিয়া থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো খোলা জায়গায় পড়ে, যার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে তার জবাবে সিরিয়ায় চালানো ইসরায়েলের পাল্টা হামলায় ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি।
সিরিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা কখনোই এই অঞ্চলের জন্য হুমকি ছিলাম না, এখনও নই, এবং ভবিষ্যতেও হব না।”
এদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান কুনেইত্রা ও দারা অঞ্চলে হামলা চালানোর পর এলাকায় তীব্র বিস্ফোরণ হয়। গোলান মালভূমির কাছাকাছি হওয়ায় এসব এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল।
