তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ষষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’
সংগৃহীত ছবি
বর্ণিল আয়োজন, তারকাদের উপস্থিতি আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ও কালচারাল নাইট। ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, খেলাধুলা, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও তারকারা অংশ নেন।
দেশ-বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার এবং ময়ূরপঙ্খী ও আইপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, নভো আলোর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান মামুন, ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভ এবং সততা লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হোসেন।
এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন দেশবরেণ্য টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু এবং সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম। এ ছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন সুরকার শওকত আলী ইমন, সংগীতশিল্পী রবি চৌধুরী, দন্ত চিকিৎসক ডা. মোবারক আলী, বিশ্বপর্যটক নাজমুন নাহার, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মো. কামরুল ইসলাম এবং ক্রিকেটার হান্নান সরকার।
অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কুসুম সিকদার, সামন্তী সৌমি, চিত্রনায়িকা ববি হক, মিষ্টি জান্নাত, সংগীতশিল্পী সালমা, আতিয়া আনিশা, জাহিদ অন্তু, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, অভিনেতা ওমর সানী, ক্যামেলিয়া নিশান, উদ্যোক্তা তানজিনা ইসলাম শর্মীসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ।
এ ছাড়া তালিকায় ছিলেন ডা. তাহমিনা নওরিন, রোকসানা আক্তার, ফেরদৌসি আক্তার, ফেরদৌস খান আলমগীর, রুবিনা রুবি, মাহবুব-উল আলম শুভরাজ, গোলাম শাহরিয়ার কবির, সৈয়দ তাহমিদ, কামরুন্নাহার মজুমদার নোভা, পারুল আক্তার, বুশরা কবির, নুসরাত নিতি, শেখ অয়নিকা, তাবাসসুম তিন্বী, জাদুশিল্পী অনিক ও তৃষা, রাইয়ান চৌধুরী, তারেকুল ইসলাম, সানোয়ার খান, আমিরুল ইসলাম, সাদি মোহাম্মদ, আরজে হাসিব, অলিল আহমেদ, ডা. সায়লা হক, তাসিন-তাজিম, সামিয়া তাসনিম, সাদিয়া কনকাসহ আরও অনেকে।
চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা ও রন্ধনশিল্পসহ প্রায় ৩০টি বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সেলিব্রেটিরা উপস্থিত ছিলেন।
আয়োজন প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ‘ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের গুণী ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের সহযোগিতাকারী সব স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথি, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও ডেলিগেটদের প্রতি। তাঁদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও আলোকিত করেছে। আশা করি, ময়ূরপঙ্খীর আগামী আয়োজনগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে।’
পুরস্কার বিতরণীর পাশাপাশি সংগীত, নৃত্য ও ম্যাজিক পরিবেশনায় সাজানো হয় পুরো আয়োজন। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আরও বৃহৎ পরিসরে তৃতীয় ‘আইপা অ্যাওয়ার্ড’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
