আকাশে উড়বে এক লাখ ‘যুদ্ধপাখি’, ইউক্রেনকে নজিরবিহীন ড্রোন সহায়তা দিচ্ছে ব্রিটেন
রাশিয়ার সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে চলা রক্তাক্ত লড়াইয়ে ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য। এবার ঘোষণা এসেছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই এক লাখ ড্রোন সরবরাহ করবে ব্রিটেন—যা আগের প্রতিশ্রুতির চেয়ে ১০ গুণ বেশি।
বুধবার (৪ জুন) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে এবং রাশিয়ার আধুনিক আগ্রাসনের মোকাবিলায় নতুন এই পদক্ষেপ নিয়েছে লন্ডন।
যুক্তরাজ্যের নতুন ‘কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা’তে বলা হয়েছে, ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তিনির্ভর। সেজন্য এখন থেকেই একটি আধুনিক ও আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন সেনাবাহিনী গড়ে তোলাই লক্ষ্য।
এই পরিকল্পনার বড় অস্ত্রই হচ্ছে ড্রোন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ব্রাসেলসে অনুষ্ঠিত ‘ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপ’-এর বৈঠকে জানান, শুধু ড্রোন নয়—ইতোমধ্যে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ করা হয়েছে ইউক্রেনকে। এ ছাড়া ২৪৭ মিলিয়ন পাউন্ড খরচ করে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
ড্রোন সহায়তার প্যাকেজের মূল্য প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড, যা ইউক্রেনের জন্য ঘোষিত ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তার বড় অংশ। ব্রিটেন বলছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধে ড্রোন একেবারে গেমচেঞ্জার হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থেকেই ইউক্রেনকে আরও সহায়তা দিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
