ল্যাভরভ-রুবিওর ফোনালাপ
ইস্তানবুলে আসন্ন রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার ঠিক আগের দিনই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনায় বাড়তি রসদ যোগ করেছে একের পর এক বিস্ফোরক ঘটনা। রবিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে। আলোচনায় উঠে আসে ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে রেলপথে নাশকতা, সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, এবং শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা।
রুশ তদন্ত কমিটি নিশ্চিত করেছে, ব্রিয়ানস্ক ও কুরস্ক সীমান্ত অঞ্চলে দুটি সেতু ধসে পড়ে ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত ও বহু আহত হন। ঘটনা ‘নাশকতা’ বলেই মনে করছে মস্কো। ল্যাভরভ জানিয়েছেন, তদন্ত দ্রুত শেষ করে দায়ীদের বিচারের মুখে দাঁড় করানো হবে।
সেই দিনই মুরমানস্ক, ইভানোভো, রিয়াজান, ইরকুৎস্ক ও আমুর অঞ্চলের রুশ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনীয় ড্রোন, জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার পাল্টা জবাবে ইউক্রেনের সামরিক স্থাপনা, গোলাবারুদ গুদাম ও সমাবেশ পয়েন্টে একাধিক রুশ হামলার খবর দিয়েছে মস্কো।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ফোনালাপে রুবিও ব্রিয়ানস্ক ও কুরস্কে বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইউক্রেনীয় গণমাধ্যম দাবি করছে, এই হামলা ছিল ‘স্পাইডারওয়েব’ নামে একটি দীর্ঘমেয়াদি, পরিকল্পিত সামরিক অভিযানের অংশ, যার লক্ষ্য ছিল রাশিয়ার কৌশলগত বিমান শক্তিকে দুর্বল করা।
