রাবি সংশ্লিষ্ট ফেসবুক পেজ-গ্রুপের অ্যাডমিনদের তথ্য তলব
সংগৃহীত
সাইবার বুলিং ও অনলাইনে মানহানিকর মন্তব্য প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজের অ্যাডমিন-মডারেটরদের পরিচয় চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’ কী-ওয়ার্ড রয়েছে এমন ফেসবুক গ্রুপ, আইডি, ইউটিউব চ্যানেল ও নিউজ পোর্টালের অ্যাডমিন এবং মডারেটরদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রক্টর দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উদাহরণ হিসেবে ‘আরইউ ইনসাইডার্স’, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এবং ‘রাজশাহী ইউনিভার্সিটি নিউজ টুয়েন্টি ফোর’ এর নাম উল্লেখ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে সম্মানহানিকর ও আক্রমণাত্মক কথাবার্তা বলছে। বেনামী আইডি থেকেও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমরা অ্যাডমিনদের সাথে আলোচনার মাধ্যমে এসব প্ল্যাটফর্মে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে চাই।’
তিনি বলেন, ‘গ্রুপগুলো নিয়ম মেনে চললে কোনো বাধা নেই। আমাদের উদ্দেশ্য এর কার্যক্রমকে শৃঙ্খলার মধ্যে আনা।’
প্রক্টর আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ‘অ্যান্টি সাইবার বুলিং সেল’কে আরও শক্তিশালী করা হবে। প্রয়োজনে একটি স্থায়ী ‘সাইবার প্রতিরোধ সেল’ গঠন করা হবে।
অধ্যাপক মাহবুবুর বলেন, ‘এই সেলে জনপ্রিয় গ্রুপের অ্যাডমিন, মডারেটর, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিক প্রতিনিধিদেরও রাখা হবে।’
এর আগে, রাকসু নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠন করে রাকসু নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
