অনেকদিন পর হামে মৃত্যু শূন্য
সংগৃহীত ছবি
দীর্ঘদিন পর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত রোগী শনাক্ত অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন সন্দেহজনক এবং ৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৩ জন সন্দেহজনক ও আটজন নিশ্চিত এবং সিলেট বিভাগে ১৭৯ জন সন্দেহজনক ও ৩৫ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে মারা গেছেন ১০৫ জন।
দীর্ঘদিন পর এক দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে আসাকে পরিস্থিতির একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন রোগী শনাক্ত অব্যাহত থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্কতা ও নজরদারি অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
