হাম উপসর্গে আরও নয়জনের মৃত্যু
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন, সিলেটে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন। সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহী বিভাগে ৩৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
