ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন। এ সময়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৪৪ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, রাজশাহীতে ১৪৬ জন, বরিশালে ১৪৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন ভর্তি হয়েছেন। তবে সিলেট বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এ সময়ে রোগটিতে প্রাণ হারিয়েছেন ৫১৬ জন।অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী।
একনজরে ডেঙ্গু পরিস্থিতি (২১ নভেম্বর ২০২৬)
গত ২৪ ঘণ্টায় মৃত্যু: ৩ জন
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি: ১ হাজার ৬৭৪ জন
চলতি বছরে মোট মৃত্যু: ৫১৬ জন
চলতি বছরে মোট আক্রান্ত: ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন
সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র: ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন
বর্তমানে হাসপাতালে ভর্তি: ৫ হাজার ৫৭৪ জন
