হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৬৩৪
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৫৮ জন।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকাল ৮টা থেকে ১৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ জন। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ১৭৩ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৭৮৬। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
