নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকা মজুত, প্রয়োজনে আমদানি: স্বাস্থ্যমন্ত্রী
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতাও সরকারের রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ সুনির্দিষ্টভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।
আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে একটি বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর মতো ঘটনাও ঘটছে। এসব ঘটনা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
তিনি বলেন, পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে অনেক শিশু প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে। তাই শুধু চিকিৎসার ব্যবস্থা করলেই হবে না, রোগ প্রতিরোধে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
গ্রামপর্যায়ে মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাঁদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।
এ ছাড়া স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব হলে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা যাবে। এতে তাঁদের সুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়বে।
শিশুদের নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টরা কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে জানালে সরকার প্রয়োজনীয় সরঞ্জাম ও সহযোগিতা দেবে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এফ. সিদ্দিকী। আলোচনা সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।
