ঢাকা মেডিকেলের দালাল চক্রের ১১ সদস্যের দণ্ড
ছবি সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জিম্মি করে বেড ও ট্রলি ব্যবহারের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সংঘবদ্ধ দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং এসআরবি-৩-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
এসআরবির গোয়েন্দা তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের সামনে অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীদের বিভ্রান্ত করে আসছিল। চক্রটির সদস্যরা রোগীদের বেড ও ট্রলি ব্যবহারের নামে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। এতে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে এসআরবির বিশেষ দল অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় এবং চক্রটির ১১ সদস্যকে আটক করে। পরে ঘটনাস্থলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে হেলাল (৩২) ছয় মাস, আলামিন (৩২) এক মাস, ইমন (২৮) ১৫ দিন, মোয়াজ্জেম (৫০) সাত দিন, শহিদুল মোল্লা (৩৭) সাত দিন, সাদ্দাম (৩৫) তিন দিন এবং সিফাত (২২) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।
এ ছাড়া নূরনবীকে ১০ হাজার টাকা, মাহামুদুলকে পাঁচ হাজার টাকা, আল শাহরিয়ার হোসেন বাপ্পিকে পাঁচ হাজার টাকা এবং শাকিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও স্বজনদের হয়রানি বন্ধ এবং নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে কোনো অপরিচিত ব্যক্তির প্ররোচনায় না পড়ে হাসপাতালের নির্ধারিত তথ্যকেন্দ্র বা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা বা হয়রানির ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে এসআরবিকে জানানোরও অনুরোধ করা হয়েছে।
