চিকিৎসায় হয়রানির অভিযোগ, হাসপাতালে দুদকের অভিযান
ছবি সংগৃহীত
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থ অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদক জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বেশ কিছু অভিযোগের সততা যাচাই করতে অভিযান চালিয়েছি। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছি। জব্দকৃত কাগজগুলো যাচাই বাছাই করে দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে, পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
