হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ছবি সংগৃহীত
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে সারা দেশে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। পাশাপাশি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১১৩ জন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭২৩ জন। সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ জনে। আর নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫১ জন সন্দেহজনক রোগী এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৬৬ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে ৫৩৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৬, সিলেটে ১৬৬, ময়মনসিংহে ১০৭, বরিশালে ১০৬, খুলনায় ১০৮, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে জাতীয় পর্যায়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্ধারিত ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের বিপরীতে এ পর্যন্ত ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের হার দাঁড়িয়েছে ১২০ দশমিক ৯ শতাংশে।
