হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত
হামে আক্রান্ত হয়ে দেশে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেছেন, শিশু মৃত্যুর জন্য অন্য কাউকে দোষারোপ করবেন না, দায় তাঁরই। এমনকি এ ব্যর্থতার জন্য তাঁকে ফাঁসি দেওয়ার কথাও বলেছেন তিনি।
সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “হামে মৃত্যুর দায় তো আমার, দায়ী আমি। আমাকে ফাঁসি দেন। আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।”
হামে আক্রান্ত শিশুদের বড় অংশই টিকা নেয়নি বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর ভাষ্য, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্তদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম।
একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, শিশুদের টিকা না নেওয়ার পেছনে অনেক সময় মা-বাবার অবহেলাও রয়েছে। কেউ কেউ ইনজেকশনের ভয়ে সন্তানকে টিকাকেন্দ্রে নিয়ে যান না।
তবে টিকাদানের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ও নির্ধারিত প্রটোকল অনুসরণের বাধ্যবাধকতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমরা প্রটোকলের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিচ্ছি। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুমোদিত আন্তর্জাতিক মানের।”
ছয় মাসের কম বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এই বয়সী শিশুদের টিকা দেওয়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ছয় মাসের কম বয়সী শিশুদের টিকা দিলে প্যারালাইসিসসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনায় পরিবর্তনের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এ খাতের স্থায়ী সমস্যা সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। হাসপাতালের মেডিকেল ও সাধারণ বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনার উদ্যোগও চলছে।
ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৪
সরকারি হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৯ জন। বাকি ১০৫ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল।
চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে দেশে হামে আক্রান্ত এবং এ রোগের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে। একপর্যায়ে রোগটির বিস্তার ব্যাপক আকার ধারণ করলে এপ্রিল-মে মাসে টিকার সংকটের বিষয়টি সামনে আসে। এ নিয়ে স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা ও টিকাদান কর্মসূচির প্রস্তুতি নিয়ে সমালোচনা শুরু হয়।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ না করার অভিযোগের মধ্যে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার ও স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও হয়।
২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করত সরকার। এর অর্থায়নের বড় উৎস ছিল দাতাদের সহায়তা। তবে ২০২৫ সালে টিকা কেনার অর্থ রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় যাওয়ার উদ্যোগ নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার।
এ ছাড়া জুলাই অভ্যুত্থান ঘিরে সৃষ্ট পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও টিকাদান কার্যক্রম ব্যাহত হয় বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। মার্চে রোগীর সংখ্যা বাড়তে থাকলে টিকাদান কর্মসূচির দুর্বলতা ও টিকা সংগ্রহের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এদিকে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দায়দায়িত্ব নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান সরকার। গত ৪ নভেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে কমিশনের প্রধান করা হয়েছে।
নিটোরে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যাওয়ার আগে সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে আইসিইউ, পোস্ট অপারেটিভ বিভাগ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড এবং বহির্বিভাগের উদ্বোধন করেন তিনি। পরে একটি আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।
অন্যদিকে শিশু হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।
