হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৪০
সংগৃহীত ছবি
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ৯ নভেম্বরের স্বাস্থ্যবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সন্দেহজনক হাম উপসর্গে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম উপসর্গে মোট ২ লাখ ৪০ হাজার ১৯৯ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৫২৩ জন। সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ জন। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৩৩৪ জন। বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৮৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৪৭, সিলেটে ১৯৫, বরিশালে ১৪১, খুলনায় ১০৪, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ২৮ জন শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে টিকা পেয়েছেন ২ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৫৪৮ জন। টিকাদানের হার ১২০ দশমিক ৭ শতাংশ।
